দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে ১৪ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. হালিম মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে নরসিংদী মডেল থানা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান।
গ্রেপ্তার হালিম মিয়া নরসিংদী সদর উপজেলার শীলমান্দী গ্রামের সিরু মিয়ার ছেলে। তিনি পেশায় মিশুকচালক।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, হালিম মিয়া দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর এক ছেলে ও এক মেয়ে এবং দ্বিতীয় স্ত্রীরও এক ছেলে ও এক মেয়ে রয়েছে। দ্বিতীয় স্ত্রী জীবিকার প্রয়োজনে বিদেশে থাকেন। এ সুযোগে হালিম তাঁর ১৪ বছরের মেয়েকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। ধর্ষণের ভিডিও তিনি নিজের মুঠোফোনে ধারণ করে রাখতেন বলেও অভিযোগ করা হয়।
বিষয়টি জানাজানি হওয়ার পর হালিম বাড়ি থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগীর মামা গত ৪ সেপ্টেম্বর নরসিংদী মডেল থানায় বাদী হয়ে হালিমকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন।
পুলিশ কর্মকর্তা জানান, মামলা দায়েরের পর হালিমকে গ্রেপ্তারে নরসিংদী ও মুন্সিগঞ্জে অভিযান চালিয়েও তাঁর সন্ধান পাওয়া যায়নি। পরে ১৪ সেপ্টেম্বর গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান সিলেটের গোয়াইনঘাটে শনাক্ত করা হয়। সেখানে অভিযান চালিয়েও তাঁকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এরপর গত ১৭ সেপ্টেম্বর গোয়েন্দা পুলিশ হালিমের অবস্থান চট্টগ্রামে শনাক্ত করে। পরে হাটহাজারীর মাইজভান্ডার দরবার শরীফ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গ্রেপ্তার এড়াতে হালিম ঘন ঘন অবস্থান পরিবর্তন করছিলেন এবং ছদ্মবেশ ধারণ করেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার কথা স্বীকার করেছেন বলে জানান তিনি। হালিমকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ওসি এআরএম আল মামুন এবং ডিবির ওসি আবুল কায়েস উপস্থিত ছিলেন।
এমএস/